
ঈদকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণে বণিক সমিতির শক্ত অবস্থান
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে কেনাকাটার চাপ বাড়তে থাকায় ফেঞ্চুগঞ্জের প্রাণকেন্দ্র ফেঞ্চুগঞ্জ বাজারে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিয়েছে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি। বাজারে আগত ক্রেতা ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বণিক সমিতির নেতৃবৃন্দ বাজার গার্ডদের সাথে নিয়ে সরাসরি মাঠে থেকে দায়িত্ব পালন করছেন।
এসময় বণিক সমিতির সভাপতি রাজু আহমদ রাজা, সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানভীর এবং সহ-সভাপতি শেখ মিটু বাজার এলাকায় উপস্থিত থেকে যানজট নিরসনে তদারকি করেন।
ফেঞ্চুগঞ্জ বাজারে আকুল শাহ শপিং সিটি, এ ছত্ত্বার শপিং কমপ্লেক্স, গ্যালাক্সি মার্কেট, জামান প্লাজা, মুজাহিদ আলী মার্কেটসহ বেশ কয়েকটি বড় মার্কেট রয়েছে। তবে এসব মার্কেটের নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় অনেকেই রাস্তার পাশে গাড়ি রেখে কেনাকাটা করতে যান। ফলে প্রায়ই বাজার এলাকায় তীব্র ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
এই পরিস্থিতি মোকাবেলায় বণিক সমিতি শক্ত অবস্থান গ্রহণ করেছে। বাজারে যাতে কেউ এলোমেলোভাবে গাড়ি পার্কিং করতে না পারে সেজন্য বাজার গার্ডদের সাথে নিয়ে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বণিক সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতাদের ভিড় বাড়বে। তাই সকল ব্যবসায়ী, গাড়িচালক ও সাধারণ মানুষকে নিয়ম মেনে গাড়ি পার্কিং করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ফেঞ্চুগঞ্জ বাজারকে যানজটমুক্ত ও ক্রেতাবান্ধব রাখতে বণিক সমিতির এই উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন।