বড়লেখায় জামায়াতের দাওয়াতি অভিযান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ-
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে মাসব্যাপী দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দক্ষিণবাজার এলাকার বিভিন্ন মার্কেট, চায়ের দোকান, অলিগলি ও সড়কে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা গণসংযোগে জামায়াতের নেতাকর্মীরা ব্যবসায়ী, পথচারী, রিকশাচালক, চায়ের দোকানে অবস্থানরত ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তারা সংগঠনের আদর্শ, কার্যক্রম ও দাওয়াতি কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেন এবং আগ্রহীদের সহযোগী সদস্য হওয়ার আহ্বান জানান।
এর আগে বিকেলে পৌর জামায়াতের কার্যালয়ে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে গণসংযোগ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি জুবের আহমদ। সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
এতে জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, পেশাজীবী বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোহাইমীন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. কামাল উদ্দিন, সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, পৌর জামায়াতের সভাপতি জুবের আহমদ ও সেক্রেটারি আব্দুস সামাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগকালে নেতাকর্মীদের হাতে সংগঠনের পরিচিতিপত্র ও সহযোগী সদস্য ফরম দেখা যায়। তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে জামায়াতে ইসলামীর দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী বলেন, বাংলাদেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মানুষের জীবনকে কোরআন ও ইসলামের নির্দেশনার আলোকে পরিচালিত করা প্রয়োজন। এর মাধ্যমে সমাজে নৈতিকতা, শুদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত নেতারা জানান, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করাই তাদের প্রধান লক্ষ্য।
পৌর শহরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের দাওয়াতি কর্মসূচি শেষ হয়।