
হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৪ জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী জামানত হারিয়েছেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি। সে হিসেবে জামানত রক্ষা করতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৪ হাজার ২৬৮ ভোট পেতে হতো।
তবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট। গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন মাত্র ১৭৪ ভোট।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার নির্বাচনের দুইদিন আগে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণায় অংশ নেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ২১৯ ভোট।
ফলাফল অনুযায়ী, নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় এই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।