
অবশেষে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জল্পনা-কল্পনার ইতি ঘটল। ১৪ বছর আগে আপিল বিভাগের দেওয়া রায়টি ত্রুটিপূর্ণ ছিল, তাই তা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের ফলে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়েছে। আগের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর এবং এ সংক্রান্ত রিভিউ আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার ঐতিহাসিক রায়টি দেওয়া হয়েছে। তবে রায়ের ফলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও আগামী ফেব্রুয়ারির নির্বাচনটি অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। যুক্তি হলো, সংসদ বিলুপ্ত হওয়ার পরের ১৫ দিন সময় অনেক আগেই পার হয়ে গেছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে।