বড়লেখায় দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল (মহড়া) ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় বড়লেখা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ সদস্যদের মোতায়েন, সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় নম্বরপ্লেটবিহীন ও চালকের বৈধ লাইসেন্স না থাকা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা যায়,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বড়লেখা থানা পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, সকলের সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বড়লেখা থানা পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যে পুলিশের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।