রাণীশংকৈলে সার ব্যবস্থাপনা নিয়ে সভা

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ এবং বাজারে সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের কৃত্রিম সংকট রোধ ও মজুতদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, কৃষি উৎপাদন সচল রাখতে কৃষকদের সময়মতো প্রয়োজনীয় সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি। সারের সরবরাহ ও বণ্টনে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। কেউ সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সার সরবরাহ ও বাজার পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসন, কৃষি বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় কৃষকদের সার প্রাপ্তিতে বিদ্যমান সমস্যা, সারের সরবরাহ পরিস্থিতি, জমিতে সুষম সার প্রয়োগ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কৃষকদের প্রয়োজন ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সার ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম লাইলা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, সিনিয়র সহসভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষকদের স্বার্থে সারের সরবরাহ স্বাভাবিক রাখা, সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং কৃষি খাতের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।