ডাক্তার ও ওষুধ সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনসাধারণ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রটিতে তীব্র ডাক্তার ও জনবল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাওরবেষ্টিত এলাকার সাধারণ মানুষ।
সপ্তাহে মাত্র দুই দিন কেন্দ্রটি খোলা থাকলেও চাহিদার তুলনায় ওষুধ সরবরাহ অপ্রতুল হওয়ায় সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, হাওরবেষ্টিত এই দুর্গম অঞ্চলের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের একমাত্র ভরসা কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র।
কিন্তু নিয়মিত চিকিৎসক না থাকায় এবং পর্যাপ্ত জনবলের অভাবে সপ্তাহের বেশিরভাগ দিনই কেন্দ্রটি বন্ধ থাকে। যে দুই দিন স্বাস্থ্যকেন্দ্রটি খোলা থাকে, সেদিন রোগীদের উপচে পড়া ভিড় থাকলেও পর্যাপ্ত ওষুধ না থাকায় খালি হাতেই ফিরতে হয় অনেককে।
এতে করে জরুরি মুহূর্তে বা সাধারণ রোগের চিকিৎসার জন্যও এলাকাবাসীকে অনেক টাকা খরচ করে উপজেলা সদর কিংবা জেলা শহরে যেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে উক্ত উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক পদায়ন, জনবল বৃদ্ধি এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।