বড়লেখায় চুরি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছয়ফুর রহমান ছুবুরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছয়ফুর রহমান ছুবুর বড়লেখা থানার দায়রা মামলা নং-৬৩/১৪, জিআর-১০০/১১ (বড়) মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পেনাল কোডের ৩৮২ ও ৪৫৭ ধারায় আদালত তাঁকে বিভিন্ন মেয়াদে মোট সাত বছরের কারাদণ্ড এবং সাত হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে সিআর-১৬৬/২৬ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি জামিলা বেগম ও সাজু আহমদকে গ্রেফতার করা হয়। তাঁরা বড়লেখা উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে শুক্রবার (১৩ নভেম্বর) যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।