জগন্নাথপুরে চাচা-ভাতিজার বিরোধ, হয়রানির অভিযোগ ভাতিজা সুয়েব খানের

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা-মোকদ্দমার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্য প্রবাসী চাচা নেছাওর খান এবং চাচাতো ভাই মিফতা খান ও তোফায়েল খানের বিরুদ্ধে হয়রানি, মামলা-মোকদ্দমা এবং পরিবার ও সম্পদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন ভাতিজা সুয়েব খান
সুয়েব খানের অভিযোগ, গত ১১ সেপ্টেম্বর চাচা নেছাওর খানের সঙ্গে তাঁদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনায় তাঁরা হাসপাতালে চিকিৎসা নেন। তবে পারিবারিক সম্পর্ক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে তাঁরা মামলা করেননি বলে দাবি করেন তিনি।
কিন্তু ঘটনার পর থেকে তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এসব মামলায় জামিন নেওয়ার পরও নতুন করে আইনি হয়রানির মুখে পড়ছেন বলে জানান সুয়েব খান।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এতে তাঁরা আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সুয়েব খান জানান, তাঁর বাবা স্ট্রোক করে অসুস্থ এবং মা হৃদরোগে আক্রান্ত। পরিবারের এমন সংকটময় পরিস্থিতিতে একের পর এক মামলা ও বিরোধের কারণে তাঁরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ছাড়া নিজেদের বসতবাড়ি, জমিজমা, ২০ থেকে ২৫টি গরু এবং হাঁসের খামারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব সম্পদের ক্ষতির আশঙ্কায় রয়েছেন বলে জানান সুয়েব খান।
অন্যদিকে, চাচা নেছাওর খানের অভিযোগ, তাঁর ভাতিজা সুয়েব খান তাঁদের বাড়িতে তালা দিয়ে রেখেছেন।
তবে এ অভিযোগের বিষয়ে স্থানীয় প্রতিবেশীদের বক্তব্য ভিন্ন।
এলাকার কয়েকজন প্রতিবেশী জানান, নেছাওর খানের এক ছেলে বর্তমানে বাংলাদেশে রয়েছেন এবং তিনি প্রতিদিন বাড়িতে আসা-যাওয়া করেন। তাঁদের জানা মতে, সুয়েব খান তাঁর চাচা কিংবা চাচাতো ভাইদের বাড়িতে আসতে কোনো নিষেধাজ্ঞা দেননি।
প্রতিবেশীরা আরও বলেন, সুয়েব খান এলাকার একজন ভালো মানুষ। তাঁর বিরুদ্ধে করা অভিযোগ ও মামলা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। তাঁরা চান, দুই পরিবারের মধ্যে চলমান বিরোধের অবসান হোক এবং আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান আসুক।
এদিকে সুয়েব খান বলেন, তাঁরা কোনো সংঘাত কিংবা মামলা-মোকদ্দমা চান না। পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান।
পাশাপাশি নিজের ও পরিবারের জানমাল, বসতবাড়ি, জমিজমা এবং গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সুয়েব খান।
এ বিষয়ে অভিযুক্ত নেছাওর খান এবং তাঁর ছেলেদের বক্তব্য জানতে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি