বড়লেখায় অশ্রু আর ভালোবাসায় দেবী দুর্গার বিদায়, বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অশ্রু আর ভালোবাসায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিজয়া দশমী উপলক্ষে সকালে শেষবারের মতো দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। পরে বিকেল ৩টার পর থেকে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। বিসর্জনের আগে ভক্তরা আরতি করেন এবং পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান।
প্রতিমা বিসর্জন দেখতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিসর্জন শেষে ভক্তরা শান্তির জল নিয়ে নিজ নিজ মণ্ডপে ফিরে যান। সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপে আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বড়লেখা থানা-পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হয়েছে। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।