বড়লেখায় আর কে লাইসিয়াম স্কুল নিয়ে বিভ্রান্তি, কর্তৃপক্ষের ব্যাখ্যা

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের একটি পুরোনো ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় এক বছর পূর্বের একটি সীমাবদ্ধিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্টদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য রক্ষায় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।