বড়লেখায় প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি,স্বস্তি ফিরেছে জনজীবনে

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
কয়েকদিনের টানা প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর মৌলভীবাজারের বড়লেখায় স্বস্তির বৃষ্টি নেমেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে বড়লেখা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এর আগে কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বড়লেখার মানুষ। দিনের বেলায় রোদের তীব্রতা ও অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হতে চাইছিলেন না। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও পথচারীদের দুর্ভোগ ছিল বেশি।
বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বাতাস শুরু হয়। এরপর বিভিন্ন এলাকায় বৃষ্টি নামলে গরমের তীব্রতা কিছুটা কমে যায়। বৃষ্টিতে সড়ক ও আশপাশের এলাকা ভিজে যাওয়ায় পরিবেশেও স্বস্তির আমেজ দেখা দেয়।
বৃষ্টির পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। কেউ কেউ বৃষ্টিতে ভিজে আনন্দ প্রকাশ করেন। দীর্ঘ গরমের পর এই বৃষ্টিকে স্বস্তির বৃষ্টি হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হচ্ছিল। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে পরিবেশ শীতল হওয়ায় স্বস্তি মিলেছে।