আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে গরু, বাছুর, ছাগল, হাঁস-মুরগিসহ গবাদিপশুর অবাধ বিচরণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে থাকা বাড়িঘর ও খামার থেকে অনেক সময় গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী রাস্তায় উঠে আসে।
ব্যস্ত সড়কে এসব প্রাণী হঠাৎ চলাচল করায় যানবাহনের চালকদের অনেক সময় আকস্মিকভাবে ব্রেক করতে হয় কিংবা নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের জন্য বিষয়টি বেশি ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ও বিকেলের দিকে বিভিন্ন সড়কে গবাদিপশুর বিচরণ বেশি দেখা যায়। দ্রুতগতির যানবাহনের সামনে হঠাৎ গরু বা ছাগল চলে এলে চালকরা দুর্ঘটনা এড়াতে গিয়ে বিপাকে পড়েন।
এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
সচেতন মহল বলছে, সড়কে গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধে মালিকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন।
সড়ক ব্যবহারকারী ও স্থানীয়দের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আঞ্চলিক সড়কে গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।