বড়লেখায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

বড়লেখায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর
হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সৃজয়ীর আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।