1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

রাণীশংকৈল ডিগ্রি কলেজে কনস্টেবল নিয়োগ নিয়ে সচেতনতামূলক সভা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দেশে জ্বালানি তেলের প্রকৃত কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি তেল সংগ্রহ করে তা বেশি দামে বিক্রি করার চেষ্টা করায় বাজারে সাময়িক অস্থিরতা দেখা দিচ্ছে। তিনি বলেন, অনেকে যাত্রী পরিবহনের পরিবর্তে তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ছেন এবং পরে তা চড়া দামে বিক্রি করছেন। এর ফলেই অনেক স্থানে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঠাকুরগাঁও জেলাতেও উল্লেখযোগ্যসংখ্যক বেকার যুবক রয়েছে। তবে ভবিষ্যতে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ সুপার জানান, জেলায় পুরোনো ও নতুন মিলিয়ে দুটি বিসিক শিল্পনগরী স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিমানবন্দর চালু এবং একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিপুলসংখ্যক জনবলের প্রয়োজন হবে এবং এতে জেলার বেকার সমস্যা অনেকাংশে কমে আসবে।

রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এবং এসআই রহমতুল্লা রনি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের উদ্দেশে বক্তারা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং কোনো ধরনের দালাল বা অনৈতিক প্রভাব থেকে দূরে থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব