বড়লেখার অফিসবাজারে অসচ্ছল পরিবারকে ৫০তম টিউবওয়েল উপহার

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় বিশুদ্ধ পানি পানের সুযোগ নিশ্চিত করতে অসচ্ছল একটি পরিবারকে উপহারস্বরূপ টিউবওয়েল প্রদান করা হয়েছে।
সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির ব্যবস্থাপনায় সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, ফ্রান্স প্রবাসী কমর উদ্দিন শান্ত-এর পক্ষ থেকে এ টিউবওয়েল প্রদান করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৬টায় বড়লেখার অফিসবাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে টিউবওয়েলটি তুলে দেওয়া হয়।
এটি বড়লেখা পাবলিকেশন সোসাইটির ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৫০তম টিউবওয়েল প্রদান।
দীর্ঘদিন ধরে সংগঠনটি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করে আসছে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান মাহতাব আল মামুন বলেন, বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। সমাজের অসচ্ছল মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা একটি মানবিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংগঠনের পক্ষ থেকে টিউবওয়েলটি উপহার দেওয়ার জন্য কমর উদ্দিন শান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁর সহযোগিতায় অসচ্ছল একটি পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির প্রয়োজন পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।।