
রাজশাহী প্রতিনিধি: মাসুদ আলী (পুলক)
২৮ আগস্ট ২০২৬, শুক্রবার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতাকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ রাজপাড়া থানা বিএনপি কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন।
সভায় উত্তেজনা
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বক্তব্য দেওয়ার সময় রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান পূর্বের একটি ঘটনা তুলে ধরে সভায় আপত্তি জানান। এতে সভাস্থলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় মাহফুজুর রহমান রিটন বিষয়টি নিয়ে আশ্বস্ত করে বলেন, সভা শেষে রাজপাড়া থানা বিএনপির নেতাদের সঙ্গে আলাদাভাবে বসে বিষয়টি আলোচনা করা হবে।
তবে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দলীয় সূত্রের দাবি। একপর্যায়ে তারা মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির নেতাদের উদ্দেশে উচ্চবাচ্যে কথা বলেন এবং সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগর বিএনপির নেতারা উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। রাজপাড়া থানা বিএনপির নেতাদেরও শান্ত হয়ে বসার অনুরোধ করা হয়। তবে তারা তা না মেনে মহানগর নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সভাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কমিটির কার্যক্রম স্থগিত
উদ্ভূত পরিস্থিতিকে ‘গুরুতর দলীয় শৃঙ্খলা পরিপন্থী’ হিসেবে উল্লেখ করে রাজপাড়া থানা বিএনপি কমিটির সকল কার্যক্রম স্থগিতের প্রস্তাব দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
পরে তার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন রাজপাড়া থানা বিএনপি কমিটির সকল কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সভায় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন শিবলী ও মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারিক খালিদ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি, ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, কৃষক দলের আহ্বায়ক মো. সরফুজ্জামান শামীম, সদস্য সচিব মো. আশরাফুল হক, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি ও সদস্য সচিব রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ সাতটি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন