
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা যুবলীগের সদস্য রানা আহমেদ জিপুসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ১৪ আগস্ট রাতে উপজেলার ঘিলাছড়া ঘাটের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ ও ইউনিয়ন যুবলীগের সদস্য খায়রুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
তবে রানা আহমেদ জিপুসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।