
নান্দনিক ফেঞ্চুগঞ্জ উপজেলায় খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে “জামান স্পোর্টস এরিনা আউটডোর”
এ রহমান, আওয়াজ সিলেট প্রতিনিধি :: সিলেট
সিলেটের নান্দনিক ফেঞ্চুগঞ্জ উপজেলায় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে “জামান স্পোর্টস এরিনা আউটডোর”। উত্তর ইসলামপুরে গড়ে ওঠা আধুনিক এই ক্রীড়া ও বিনোদন কেন্দ্রটি এলাকার তরুণ সমাজকে খেলাধুলামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জামান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানভীর আওয়াজ সিলেটকে জানান, “প্রাণপ্রিয় ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল ক্রীড়াপ্রেমী মানুষের জন্যই আমাদের এই প্রকল্প। বর্তমান সময়ে তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়লে তরুণরা মাদক, বিভিন্ন নেশা, মোবাইল গেমের আসক্তি এবং অনলাইন জু**য়া**র মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”
তিনি আরও বলেন, “ফেঞ্চুগঞ্জে একটি আধুনিক ক্রীড়া ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই এই উদ্যোগের সূচনা। এটি শুধু একটি খেলার মাঠ নয়, বরং পরিবার, শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।”
জানা গেছে, “জামান স্পোর্টস এরিনা আউটডোর”-এ থাকছে আধুনিক এরিনা ফুটবল মাঠ, খেলা উপভোগের জন্য মিনি গ্যালারি, সুইমিংপুল, ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ড, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ওয়াচ টাওয়ার, শিশুদের জন্য কিডস জোন, ক্যাফেটেরিয়া এরিয়া এবং দৃষ্টিনন্দন শহীদ আসাদুজ্জামান রিভার ভিউ।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ ফেঞ্চুগঞ্জের ক্রীড়া সংস্কৃতির বিকাশে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ, ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, উত্তর ইসলামপুর, ফেঞ্চুগঞ্জে নির্মিত “জামান স্পোর্টস এরিনা আউটডোর” উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে প্রকল্পটি স্থানীয় মানুষের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। :::