যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক মাসের জন্য জন্য প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) উৎপাদন বন্ধের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও প্রশাসন বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালনি সংকট ও গ্যাসের সরবরাহ কম থাকার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ এপ্রিল থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহের কথা রয়েছে। এরপর উৎপাদন কার্যক্রম চালু করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল-জুন তিন মাসের জন্য শাহজালাল ফার্টিলাইজার, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে এপ্রিল মাসে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং পেট্রোবাংলাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।











