হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
আসন্ন ১নং বর্ণি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের একক সমর্থন পেয়েছেন বারবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন। তাঁকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এ উপলক্ষে নিজের অনুভূতি ব্যক্ত করে জয়নাল আবেদীন বলেন, দলের নেতাকর্মীরা তাঁর প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা তাঁর জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। তিনি এই সমর্থনের জন্য বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের পক্ষে তাঁদের নিজস্ব মনোভাব ব্যক্ত করে বলেন, জয়নাল আবেদীন একজন অভিজ্ঞ ও বারবার নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর প্রতি দলীয় নেতাকর্মীদের আস্থা ও সমর্থন রয়েছে। ঐক্যবদ্ধভাবে তাঁকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার মাধ্যমে দলের সাংগঠনিক ঐক্য ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন, দলীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতিবাচক ফল অর্জন সম্ভব হবে।