হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চান্দগ্রাম শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.), খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবনী শীর্ষক ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) চান্দগ্রাম মাদরাসা অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ইতিহাস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবনী সম্পর্কে জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও আদর্শিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।