হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এসব প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে প্রতারণার আটটি কৌশল তুলে ধরে বড়লেখাবাসীকে সতর্ক করেছে বড়লেখা থানা পুলিশ।
বড়লেখা থানা পুলিশের বার্তায় জানানো হয়, প্রতারকরা বিভিন্ন পরিচয় ও প্রলোভন ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এর মধ্যে রয়েছে ভুয়া কাস্টমার কেয়ারের পরিচয় দেওয়া, ভুল করে টাকা পাঠানোর দাবি করা, পুরস্কার ও লটারির প্রলোভন দেখানো এবং সন্দেহজনক লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া।
এ ছাড়া তাড়াহুড়ো করিয়ে আর্থিক লেনদেনে বাধ্য করা, বিদেশে থাকা স্বজন বিপদে পড়েছেন বলে টাকা চাওয়া, সন্তান বা পরিবারের কোনো সদস্য বিপদে পড়েছেন জানিয়ে অর্থ দাবি করা এবং সেনাবাহিনী বা পুলিশের পরিচয় ব্যবহার করেও প্রতারণা করছে চক্রগুলো।
পুলিশের পক্ষ থেকে এসব প্রতারণা এড়াতে অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল ও মেসেজের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি ফোন করে বা মেসেজ পাঠিয়ে টাকা চাইলে তাড়াহুড়ো না করে তাঁর পরিচয় ও দাবির সত্যতা যাচাই করতে বলা হয়েছে।
বিশেষ করে, পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে টাকা দাবি, সন্দেহজনক লিংকে ক্লিক করে ব্যক্তিগত তথ্য প্রদান এবং পরিচিতজনের বিপদের কথা বলে অর্থ চাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি অপরিচিত কারও সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি বা গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বড়লেখা থানা পুলিশের বার্তায় প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। নিজে সতর্ক থাকা এবং পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে সচেতন করার মাধ্যমে প্রতারকদের ফাঁদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।