হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
আন্তর্জাতিক সংসদীয় রাজনীতিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক অর্জন এসেছে। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত নির্বাচনে জহরত আদিব চৌধুরী মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে আইপিইউর নির্বাহী কমিটিতে নির্বাচিত হন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি সদস্য দেশের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়লেখা উপজেলার গাংকুল গ্রামের সন্তান জহরত আদিব চৌধুরী বর্তমানে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সরকারি নথিতেও তাঁর পৈতৃক ঠিকানা বড়লেখার গাংকুল, দক্ষিণভাগ হিসেবে উল্লেখ রয়েছে। ফলে তাঁর এই আন্তর্জাতিক অর্জনকে নিজের এলাকার জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
নির্বাচনে বিজয়ের পর জহরত আদিব চৌধুরী তাঁর ওপর আস্থা রাখার জন্য জাতীয় সংসদের স্পিকার, সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৯ অক্টোবর আইপিইউ গভর্নিং কাউন্সিলে তাঁর নির্বাচনের আনুষ্ঠানিক অনুমোদন বা কনফার্মেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নতুন দায়িত্বে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জহরত আদিব চৌধুরী। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সংসদীয় কূটনীতির পরিধি আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এদিকে বড়লেখার এই কৃতী সন্তান জহরত আদিব চৌধুরীর আন্তর্জাতিক সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্য, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।