হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে শ্রীশ্রী সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বাগানের শ্রীশ্রী সর্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ইন্দ্র মুন্ডাকে সভাপতি ও অজিত রবিদাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় বাগানের পঞ্চায়েত প্রতিনিধি, প্রবীণ ব্যক্তি, চা শ্রমিক ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গোৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্টরা সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি: ইন্দ্র মুন্ডা,সাধারণ সম্পাদক: অজিত রবিদাস, সহসভাপতি: অজয় রায় ও কাজল বাক্তি,সহসম্পাদক: নিমাই চাষা ও সুমন সাঁওতাল,সাংগঠনিক সম্পাদক: নিখিল সাঁওতাল,সহসাংগঠনিক সম্পাদক: পরিমল রিকমুন,কোষাধ্যক্ষ: রনজিত কালোয়ার,সহকোষাধ্যক্ষ: রনজিত বাক্তি (কালা),প্রচার সম্পাদক: দিলিপ রায় ও সহপ্রচার সম্পাদক: সৌরভ কুর্মি
নবনির্বাচিত সভাপতি ইন্দ্র মুন্ডা বলেন, “চা বাগানের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এবার জাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”
সাধারণ সম্পাদক অজিত রবিদাস বলেন, পূজা মণ্ডপের আলোকসজ্জা, নিরাপত্তা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিগগিরই পূজার সার্বিক প্রস্তুতির কাজ শুরু হবে।
সভায় উপস্থিত চা শ্রমিক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।