হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি:
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার বড়লেখায় আল হেরা একাডেমির প্রাথমিক শাখার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে ফলাফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে একাডেমির পক্ষ থেকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক শাহিন আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক তারেক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির সম্মানিত পরিচালক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়ছল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ফয়ছল আহমদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ।
তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, ভালো আচরণ ও ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফলাফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের মাধ্যমে সমাবেশটি শেষ হয়।