মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে বিরাজমান শিক্ষক সংকট দূর করতে স্থানীয় অভিভাবক সদস্য ও শ্রীধরপাশা গ্রামের পাঁচজন প্রবাসীর যৌথ অর্থায়নে দুইজন প্যারা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে প্রবাসীদের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। পর্যায়ক্রমে বুধবার ৯ সেপ্টেম্বর জুন, জুলাই, আগস্ট মাসের বেতন প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী সোহাগ আলম।
প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার এই দৃষ্টান্তকে সাধুবাদ জানান এলাকাবাসী।
প্যারা শিক্ষকের হাতে তাদের মাসিক বেতন তুলে দেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুর রহমান উজ্জল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান সহসভাপতি জুনেদ আহমদ, সদস্য সালাউদ্দীনসহ অনেকেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে এবং নিয়মিত পাঠদান অব্যাহত রাখতে শ্রীধরপাশা গ্রামের যে পাঁচজন প্রবাসী এই মহান দায়িত্ব ও প্রতি মাসের বেতনের ফান্ড জোগান দিচ্ছেন তারা হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী মহি উদ্দিন সবুজ, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, শাহ হুমায়ুন কবির, মুজাক্কির খান, সোহাগ আলম।
এসময় বক্তরা বলেন, প্রবাসীদের পাঠানো এই অর্থায়নের মাধ্যমে বিদ্যালয়ে বর্তমানে খাদিজা বেগম সহ দুইজন প্যারা শিক্ষক নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।