মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসন্ন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী বলেছেন, নির্বাচিত হলে তিনি মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অবহেলিত কলকলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (২২ আগষ্ট) একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জাবেদ কোরেশী। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। কলকলিয়া ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার পাশাপাশি ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, নির্যাতিত মানুষ ন্যায়বিচার পাবে এবং বঞ্চিত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
জাবেদ কোরেশী আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে রাজনীতি করে আসছি। মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার সুযোগ সৃষ্টি এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সবশেষে তিনি ইউনিয়ন বাসীর দোয়া, সমর্থন চেয়ে তাকে নির্বাচিত করতে ইউনিয়ন বাসীর নিকট ভোট চান।