সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ী এবং পৃথক অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, রবিবার (২০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানের নির্দেশনায় এসআই দেবজিৎ দাসের নেতৃত্বে এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই বাচ্চু মিয়া, এএসআই অমির কান্তি, এএসআই শফিউল্লাহসহ থানার একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের পিটাইটিকর গ্রামের উজ্জল আহমদের (৪২) বাড়ি থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উজ্জল আহমদ, ছত্তিশ গ্রামের মো. এনামুল হক এবং ইসলামপুর গ্রামের মাহমদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।
এদিকে, এসআই কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি—পিটাইটিকর গ্রামের আল আমীন এবং ছত্তিশ গ্রামের মো. সামাদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।