অভিজিৎ সুনামগঞ্জ জেলা প্রতিবেদক :
সুনামগঞ্জের হাওর অঞ্চলের বোরো ফসল রক্ষায় নির্মিত বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাওর ও ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী বাঁধের নির্মাণ কাজের গুণগত মান এবং স্থায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করার কঠোর নির্দেশনা প্রদান করেন যাতে আগাম বন্যায় কৃষকের স্বপ্নের ফসল ক্ষতিগ্রস্ত না হয়।
মন্ত্রীর এই গুরুত্বপূর্ণ পরিদর্শন সফরে তার সঙ্গে ছিলেন: সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সুনামগঞ্জ জেলাপ্রশাসক ও প্রশাসন। স্থানীয় সংবাদকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিগণ।
পরিদর্শনকালে মন্ত্রী সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কৃষকদের অভাব-অভিযোগ শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার হাওরের মানুষের জানমালের নিরাপত্তায় এবং কৃষির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ সময় বাঁধ এলাকায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এলাকাবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কৃষকের ফসল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব।"