
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-
সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ের পর ফলাফলকে জনগণের দৃঢ় রাজনৈতিক অবস্থানের প্রকাশ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবারের রায়ে দেশের মানুষ তাদের পছন্দ-অপছন্দ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি মন্তব্য করেন, জনগণ বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আস্থা না রাখায় বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে। তার দাবি, দীর্ঘ সময় ধরে বিএনপি গণমানুষের রাজনীতি করে আসছে বলেই দলটি জনসমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছে।
দলের সাংগঠনিক কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট গোষ্ঠীনির্ভর দল নয়; এটি সাধারণ মানুষের অংশগ্রহণে পরিচালিত একটি রাজনৈতিক সংগঠন। অতীতে বিভিন্ন কারণে অন্য একটি দলের উত্থান ঘটলেও বর্তমান নির্বাচনে জনগণ সেই ধারা থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন-পরবর্তী পরিকল্পনা তুলে ধরে বিএনপি মহাসচিব জানান, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠনের বিষয়ে তাদের অঙ্গীকার বহাল রয়েছে। একই সঙ্গে ‘জুলাই সনদ’-এ বর্ণিত অঙ্গীকার এবং দলের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
উত্তরাঞ্চলের রাজনৈতিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, রংপুর বিভাগে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে পারলে ভবিষ্যতে ওই অঞ্চলের প্রতিটি আসনেই সাফল্য আসতে পারে।
এবারের নির্বাচনী পরিবেশ সম্পর্কে সন্তোষ জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়েছে এবং এটি ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে।