প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:৩৮ এ.এম
সিলেটে বাড়িতে হামলার জন্য বিএনপি-ছাত্রদলকে দুষলেন আনোয়ারুজ্জামান, বিস্মিত নগর বিএনপি সভাপতি
সিলেটে আওয়ামী লীগ–ছাত্রলীগ নেতাদের বাসায় হামলার ঘটনার জন্য মহানগর বিএনপির সভাপতি ও ছাত্রদল নেতা–কর্মীদের অভিযুক্ত করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। লন্ডনে অবস্থানরত আনোয়ারুজ্জামানের এ–সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের ভিডিও আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর বিকেলে অভিযোগটি ভিত্তিহীন দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এর আগে গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্তত চারজনের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের ভাই লন্ডনপ্রবাসী সাংবাদিক শফিকুল ইসলাম এবং ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায় হামলা-ভাঙচুর হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন তরুণ নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন। এতে ছাত্রদলের কিছুসংখ্যক নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের চারজন নেতার বাড়িতে হামলা-ভাঙচুর চালান। ছাত্রলীগের মিছিলের ঘটনায় পরবর্তী সময়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের নেতাদের বাসায় হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।’
[caption id="attachment_2504" align="alignnone" width="615"]
ভাঙচুর হওয়া আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন। বুধবার সন্ধ্যায় সিলেট নগরের পাঠানটুলা এলাকায়[/caption]
হামলার ঘটনার পর করা সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, গত ৫ আগস্ট একটি দুর্বৃত্ত চক্র তাঁর বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। ৮ মাস পর বুধবার ছাত্রদলের নেতা-কর্মীরা প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালিয়েছে। এতে প্রকাশ্য মদদ দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি কিংবা বিরোধীদলীয় কোনো নেতা-কর্মীর বাড়িতে কখনো হামলা-লুটপাট হয়নি উল্লেখ করে আনোয়ারুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন, বিএনপি-ছাত্রদলের এমন হামলা-ভাঙচুর সিলেটের রাজনৈতিক সম্প্রীতিকে কলুষিত করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত